মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হত্যা, অপহরণ, ধর্ষণ ও রাহাজানিসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে হত্যার মতো স্পর্শকাতর অপরাধে র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে ভিকটিমের পারিবারিক বিষয় ও জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৩০ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভিকটিম নিজ ভুট্টাক্ষেত থেকে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ থানার কুমরসই দাখিল মাদ্রাসার পশ্চিম পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা আসামি ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়।
এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১/৩০, তারিখ: ০১/০২/২০২৬, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)। মর্মান্তিক এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুরের একটি যৌথ দল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১টা ২০ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানাধীন দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি মোঃ নুর আমিন (৩৮), পিতা—মৃত আনিছুর রহমান ওরফে আমেছ উদ্দিন, গ্রাম—কুমরসই, থানা—পীরগঞ্জ, জেলা—রংপুরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদকসহ সকল অপরাধ প্রতিরোধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 
























