আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি/২০২৬ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন রাজবাড়ী-২ আসনের বিএনপি প্রার্থী মো. হারুন-অর-রশিদ।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত এনসিপি প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। ফলে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের বিশাল ব্যবধানে বিজয় নিশ্চিত করেন তিনি।
দেশব্যাপী ৩০০ আসনের মধ্যে ভোট ব্যবধানের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে পার্বত্য রাঙামাটি-২৯৯ আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান প্রায় ২ লাখ ২৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।
রাজবাড়ী-২ আসনে এমন রেকর্ড ব্যবধানের জয় ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বিজয়ী প্রার্থী মো. হারুন-অর-রশিদ বলেন, “এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে যে ভোট বিপ্লব হয়েছে, তা জনগণের রায়।” তিনি ভোটার, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজস্ব সংবাদ : 
























