মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ
রংপুর বিভাগে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। অভিযানে ৩৪৩ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl), ২০ দশমিক ৭ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশের সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালায়। এ সময় মহিপুরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ২ বোতল এস্কাফ ডিএক্স এবং ৯৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জাহেনুর ইসলাম জীবন (২৪) ও নীলফামারীর সৈয়দপুরের রাজু (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৪০ মিনিটে গাইবান্ধা সিপিসি-৩ ক্যাম্পের একটি দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার সিংড়া ইউনিয়নের মগলিশপুর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি মোটরসাইকেল থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় নীলফামারীর ডিমলা উপজেলার সুজন ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
একইদিন বিকাল ৪টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযানে ১৫ দশমিক ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজন ইসলাম (২২) ও ছবিনুর বেগম (৪৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 
























