মনোয়ারুল ইসলাম
রংপুর জেলা সংবাদদাতা
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার রংপুর সিটি কাঁচাবাজারে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
অভিযানকালে ফলমূলের বাজার, মুরগির বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬টি দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে মূল্য তালিকা হালনাগাদ ও দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায়, কালোবাজারি ও নকল পণ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অভিযানের সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রেতাদের কাছে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও কেনাকাটার সময় মূল্য তালিকা যাচাই ও অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বাজারদর সহনীয় রাখতে ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
নিজস্ব সংবাদ : 
























